শুরু হলো পুরাতন মালদায় বেহুলা নদীর সংস্কার
দি নিউজ লায়ন ; দেখে বোঝার উপায় নেই যে এটা মাঠ না নদী ! মালদার বিভিন্ন নদীগুলির মধ্যে বিশেষ ঐতিহ্য রয়েছে পুরাতন মালদা ব্লকের বেহুলা নদীর। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কচুরিপানা ভরে গিয়েছে গোটা নদী। এমনকি নদীর জল প্রবাহের গতি প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। কোথাও কোথাও নিকাশি নালার মতো জল বইছে এই নদীর। একাধিকবার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে কাজের কাজ কিছু হয়নি। শেষ পর্যন্ত পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে বেহুলা নদী সংস্কারের উদ্যোগ নিল সংশ্লিষ্ট ব্লক এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ।
যদিও দু'মাস আগে এই বেহুলা নদী সংস্কারের জন্য মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ শুরু করেছে পঞ্চায়েত এবং প্রশাসন। এরপর সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও বেহুলা নদী সংস্কারের কাজ শুরু করার কথা জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সোমবার সকালে বেহুলা নদীর বেহাল অবস্থার তদারকি করতে যান পুরাতন মালদার বিডিও ইরফান হাবিব।
তার সঙ্গে ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি, সাহাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান উকিল মন্ডল সহ অন্যান্যরা। এদিন দক্ষিণ ভাটরা এলাকার নদীর বেহাল অবস্থার পরিস্থিতি ঘুরে দেখেন পঞ্চায়েত ও প্রশাসনের কর্তারা। খুব শীঘ্রই এই এলাকার সাড়ে তিন কিলোমিটার নদী পথ সংস্কারের ক্ষেত্রে তিন কোটি টাকা ব্যয় করা হবে বলেও পঞ্চায়েত ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য , মহানন্দা নদীর শাখা নদী হিসাবে রয়েছে বেহুলা নদীটি। যা পুরাতন মালদা ব্লকের অন্তত ৩০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ইতিমধ্যে এই নদীর মঙ্গলবাড়ী ,ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায় সংস্কারের কাজ শুরু করা হয়েছে। নদীর কচুরিপানা তুলে, মাটি খনন করে নাব্যতা বাড়ানোর পাশাপাশি জল প্রবাহের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত এবং প্রশাসন কর্তৃপক্ষ। এবারের সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও এই নদী সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
পুরাতন মালদার বিডিও ইরফান হাবিব জানিয়েছেন , বেহুলা নদীর সংস্কার ইতিমধ্যে দু-একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে। একত্রিত ভাবে যেসব এলাকা দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে , পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ কাজ করবে। নদী সংলগ্ন এলাকার রাস্তা কংক্রিট ঢালাই করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যার ফলে চাষীদের সবজি ফসল নিয়ে যাবার ক্ষেত্রে সুবিধা হয়। এদিন সাহাপুর এলাকার দক্ষিণ ভাটরা বেহুলা নদীর পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে। খুব শীঘ্রই ওই এলাকার নদী সংস্কারের কাজ শুরু হয়ে যাবে।

Post a Comment